ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত, গাছের চারা ও ডাস্টবিন বিতরণ

ঝিকরগাছা প্রতিনিধি :

"জলবায়ু পরিবর্তনঃ আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা"—এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

​বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিচালিত 'সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন' (SMART) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরআরএফ (রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন) ঝিনাইদহ জেলার সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর এবং যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় "Promotion of value added flowers for sustainable growth and instituting RECP practices" নামক উপ-প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ঝিকরগাছা শাখায় এই পরিবেশ দিবস পালন করা হয়।


হাড়িয়া পরিবেশ ক্লাবের আয়োজনে গদখালী বাজার সংলগ্ন টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এই উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাড়িয়া পরিবেশ ক্লাবের সভাপতি মোঃ মনজুর আলম-এর সভাপতিত্বে এবং স্মার্ট প্রকল্পের এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার বাপ্পী কুমার অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক, কৃষিবিদ দীপংকর দাস।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরআরএফ-এর সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ ড. অসিত বরণ মন্ডল এবং টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম।

​অনুষ্ঠানের প্রারম্ভে একটি বর্ণাঢ্য র‍্যালী গদখালী বাজার প্রদক্ষিণ করে স্কুল মাঠে এসে শেষ হয়। র‍্যালী শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে তারা পরিবেশবান্ধব উৎপাদন সামগ্রী ব্যবহারের উপর বিশেষ জোর আলোকপাত করেন।

​আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


পরিবেশ দিবসের মূল লক্ষ্য বাস্তবায়নে প্রধান অতিথি বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রী, উদ্যোক্তা এবং হাড়িয়া পরিবেশ ক্লাবের সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। সবশেষে, পরিবেশ ক্লাবের পক্ষ থেকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক বিন (ডাস্টবিন) ও গাছের চারা প্রদান করা হয়।

Post a Comment

0 Comments