![]() |
| চায়না দুয়ারী জাল / ম্যাজিক জাল |
জীবননগর প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া-শ্রীরামপুর সড়কে বর্ষা মৌসুমের শুরুতেই অবাধে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ 'চায়না দুয়ারী জাল'। এই মরণ ফাঁদের কারণে বিলুপ্তির মুখে পড়েছে এলাকার দেশী প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, অবিলম্বে এই ক্ষতিকর জালের ব্যবহার বন্ধ করা না হলে এ অঞ্চলে দেশী মাছের অস্তিত্ব পুরোপুরি সংকটে পড়বে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষার পানিতে এলাকার নিচু জমি, নালা ও জলাশয়গুলো প্লাবিত হওয়ায় একশ্রেণীর মানুষ সুটিয়া-শ্রীরামপুর সড়ক সংলগ্ন পানিতে অবাধে চায়না দুয়ারী জাল পেতে রাখছে। অতি সূক্ষ্ম এই জালে রেণু পোনা থেকে শুরু করে সব ধরনের ছোট-বড় দেশী মাছ আটকা পড়ছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, ডিম ছাড়ার উপযোগী মা মাছগুলো প্রজনন করার আগেই এই জালে ধরা পড়ছে। ফলে মাছগুলো বংশ বিস্তার করতে পারছে না এবং দেশী প্রজাতির মাছের সংখ্যা আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে।
শুধু মাছই নয়, এই জালের হাত থেকে রেহাই পাচ্ছে না বিভিন্ন জলজ কীট-পতঙ্গ, কুঁচে ও কাঁকড়াসহ অন্যান্য উপকারি জলজ প্রাণী। ক্ষতিকর এই ফাঁদে আটকে সেগুলোও মারা যাচ্ছে, যা সামগ্রিক পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।
এলাকাবাসীর দাবি, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বা এক প্রকার প্রকাশ্যেই এই ক্ষতিকর জাল ব্যবহার করে জলাশয় শূন্য করা হচ্ছে। দেশী মাছের ঐতিহ্য রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে জীবননগরের সুটিয়া-শ্রীরামপুর সড়কসহ আশেপাশের এলাকায় মাছ ধরার এই মরণ ফাঁদ অবিলম্বে নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার জন্য প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগী ও পরিবেশবাদীরা।


0 Comments