পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে আজ রোজা শুরু আগামীকাল

 


দেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশে রোজা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সদ্য গঠিত বিএনপি সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে এ সভা হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতে তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা; রাতে সাহ্‌রি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা রাখবেন।

এর আগে গতকাল মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আজ বুধবার রোজা শুরু হয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। বিশ্বের বেশ কিছু দেশের মুসলিমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখবেন।

গতকাল সৌদি আরব থেকে নাকি চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আজ প্রায় ২১ ঘণ্টা পর আমাদের দেশ থেকে চাঁদ দেখা তুলনামূলক সহজ হওয়ার কথা ছিল। অথচ আজ বাংলাদেশ থেকে চাঁদ দেখা গেছে ঠিকই, তবে সেই চাঁদ দেখতে গিয়ে অনেক খুঁজতে হয়েছে, তারপরও মাত্র সামান্য কয়েকজন মানুষ চাঁদ দেখতে পেয়েছেন। 

গতকাল সৌদি আরবে সূর্য ডোবার মাত্র প্রায় ২ মিনিট পর চাঁদ ডুবেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসেবে এত কম সময় আকাশে থাকলে খালি চোখে চাঁদ দেখা সুধু কঠিনই না প্রায় অসম্ভবই বলা যায়। অন্যদিকে আমাদের দেশে সূর্য ডোবার প্রায় ১ ঘণ্টা পর চাঁদ ডুবেছে, কিন্তু তবুও চাঁদটি ছিল খুবই সরু এবং দিগন্তের কাছাকাছি, তাই অনেকের জন্য দেখা কঠিন হয়েছে। নতুন চাঁদ সাধারণত খুব ক্ষীণ উজ্জ্বলতার হওয়ায় পরিষ্কার আকাশ না থাকলে সহজে চোখে পড়ে না।

বাস্তবে চাঁদ দেখা নির্ভর করে আকাশের অবস্থা, পর্যবেক্ষণের অভিজ্ঞতা এবং স্থানভেদে দিগন্তের স্বচ্ছতার উপর। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখার ঘোষণার উপর নির্ভরশীল।

আপাত দৃষ্টিতে আজ দেশের আকাশ পরিষ্কার হলেও সূর্যাস্তের পর অনেকেই লক্ষ্য করেছেন যে, দূষণ ও ধোয়াশার কারণে পশ্চিম আকাশ অনেকটাই ঘোলা ছিল। এতে এত ক্ষীণ আলোর চাঁদ এমন অস্পষ্ট পরিস্থিতিতে অনেকেই দেখতে পারেন নি।



Post a Comment

0 Comments