ধেঁয়ে আসছে বছরের প্রথম বৃষ্টি বলয় "গোধূলি": উত্তর-পূর্বাঞ্চলে কালবৈশাখীর শঙ্কা

সংগৃহীত ছবি - BWOT


নিজস্ব প্রতিবেদক | খুলনা

চলতি বছরের প্রথম প্রাক-মৌসুমী বৃষ্টি বলয় "গোধূলি" দেশের দিকে ধেঁয়ে আসছে। আজ ১২ মার্চ রাত থেকেই এটি সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ দিয়ে দেশে প্রবেশ করতে পারে। আবহাওয়া বিশ্লেষকদের মতে, এই বলয়টির প্রভাবে দেশের প্রায় ৪০-৫০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৮ মার্চ উপকূলীয় এলাকা দিয়ে এটি দেশ ত্যাগ করতে পারে।

​উত্তর-পূর্বাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা

​বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (BWOT) জানায়, এই আংশিক বৃষ্টি বলয়টি মূলত দেশের উত্তর-পূর্বাঞ্চলে বেশি প্রভাব ফেলবে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের উত্তর-পূর্বাংশ, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ এবং রংপুর বিভাগের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল 'সর্বাধিক সক্রিয়' জোনে রয়েছে। এই অঞ্চলগুলোতে কয়েক দফায় শিলাবৃষ্টিসহ তীব্র বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

​ঝড়ের গতি ও প্রকৃতির পূর্বাভাস

​১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত স্থায়ী হতে যাওয়া এই বৃষ্টি বলয়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। যদিও এটি টানা বর্ষণের চেয়ে খণ্ডকালীন বৃষ্টির সম্ভাবনা বেশি তৈরি করবে, তবে সিলেট বিভাগে দীর্ঘ সময় বৃষ্টির দেখা মিলতে পারে। এই সময়ে দেশের ২৫-৩৫ শতাংশ এলাকার কৃষিজমির সেচের চাহিদা পূরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

​বিভাগভিত্তিক গড় বৃষ্টির পূর্বাভাস

বিভাগ            

সম্ভাব্য বৃষ্টিপাত (মিমি) 

 স্থায়ীত্ব (দিন)

সিলেট

৭৫-৮৫

 ৪ দিন

ময়মনসিংহ

৩৫-৪৫

 ৪ দিন

ঢাকা

৩০-৪০

 ৩ দিন

রংপুর

২৫-৩৫

 ৩ দিন

রাজশাহী

২০-২৫

 ৩ দিন

চট্টগ্রাম

১০-২০

 ৩ দিন

খুলনা

১৫-২০

 ৩ দিন

বরিশাল

০৮-১২

 ২ দিন


পাহাড় ধস ও সাগরের অবস্থা

​টানা বৃষ্টির কারণে সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় সামান্য পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। তবে বড় ধরনের বন্যার কোনো সম্ভাবনা নেই।

​আরামদায়ক আবহাওয়া ও ভ্যাপসা গরম

​বৃষ্টি বলয় চলাকালীন উত্তর ও মধ্যাঞ্চলের তাপমাত্রা বেশ আরামদায়ক থাকবে। দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকায় রোদের তেজ কম অনুভূত হবে। তবে দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টির বিরতিতে কিছুটা ভ্যাপসা গরম পড়তে পারে। মেঘের গতিপথ মূলত উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে হওয়ার সম্ভাবনা বেশি।

সতর্কবার্তা: যেহেতু এটি প্রাক-মৌসুমী আবহাওয়া, তাই বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে হাওর ও খোলা মাঠে থাকা ব্যক্তিদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

সূত্র: বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (BWOT)


Post a Comment

0 Comments